বরিশালে টিফিনের রুটিতে ব্লেডকাণ্ডের তদন্ত প্রতিবেদন

‘ছাত্রী নিজেই রুটির মধ্যে ব্লেড ঢুকিয়েছে!’

‘ছাত্রী নিজেই রুটির মধ্যে ব্লেড ঢুকিয়েছে!’
ছবি: আমার দেশ

দেশজুড়ে আলোচিত বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ছাত্রীর মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

খাবার সরবরাহকারী কোম্পানির গাফিলতি কিংবা রুটির মধ্যে ব্লেড থাকার কোনো তথ্য পায়নি বলে উল্লেখ করা হয়েছে ওই তদন্ত প্রতিবেদনে। পাশাপাশি স্কুলের শিক্ষার্থী কর্তৃক রুটির মধ্যে ব্লেড ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

একইভাবে তথ্য-উপাত্ত যাচাই-বাছাই না করে গণমাধ্যমসহ বিভিন্ন জায়গায় ব্লেডযুক্ত রুটির ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে শারমিন জাহান নামের এক স্কুল শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

গতকাল বুধবার দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানান, ঘটনার সতত্য উদঘাটন করা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি নির্দেশে তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তদন্ত টিম যেই কারখানা থেকে রুটি সরবরাহ করে সেই কারখানাটি সরেজমিন পরিদর্শন করেছেন। এ সময় তারা রুটি তৈরির প্রত্যেকটা ধাপ পর্যালোচনা করেন।

তিনি বলেন, তদন্ত কমিটির সদস্যরা ওই কারখানায় প্রাকটিকালি মিক্সার থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ব্লেড দিয়ে দেখেছেন যে কারখানা থেকে কোনোভাবেই এরকম একটা অক্ষত ব্লেড রুটির ভিতরে আসা সম্ভব না।

তবে তদন্তে প্রমাণিত হয় ওই বিদ্যালয়ের এক ছাত্রী ভুলক্রমে একটি ব্লেড তার ব্যাগে নিয়ে আসে। ব্লেড দেখে ফেলে ম্যাডাম শাস্তি দিতে পারেন এমন আশংকায় ওই ছাত্রী ব্লডিটি রুটির মধ্যে লুকিয়ে রাখেন।

পরবর্তীকালে রুটি খাওয়ার জন্য যখন সে ভাঙে তখন পিছন থেকে জান্নাত নামের একটি মেয়ে ব্লেডটি দেখে ফেলে। তখন সে মনে করে জান্নাত যদি ম্যাডামকে বলে তাহলে ম্যাডাম বকা দিতে পারে। এজন্য সে আগেই ম্যাডামের কাছে গিয়ে রুটির মধ্যে ব্লেড পেয়েছি বলে জানায়।

ম্যাডাম যাচাই-বাছাই না করেই ছবি তুলে শিক্ষকদের ম্যাসেঞ্জার গ্রুপে ছড়িয়ে দেয়। এরপরে সদর ক্লাস্টার গ্রুপে ম্যাসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দেয়। প্রতিবেদনটি শতভাগ সঠিক বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, যাচাইবাছাই না করে ব্লেডযুক্ত রুটির ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনায় হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন জাহান নামের এক স্কুল শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষিকা সারমিন জাহানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বুধবার বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ টিফিনের রুটি খাওয়ার সময় রুটি ছিঁড়ে তার ভেতরে একটি ব্লেড দেখতে পাওয়ার কথা শ্রেণি শিক্ষক শারমিন জাহানকে জানায়। যা পরবর্তীকালে দেশব্যাপী আলোচিত হয়। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন