বরিশালের আগৈলঝাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেত্রী ও ইউপি সদস্যা শিলা ইসলাম (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই কন্যার জননী শিলা ইসলাম উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্যা ছিলেন। তার স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শিলা ইসলাম ছিলেন মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী।
আওয়ামী লীগ নেত্রী মৃত শিলা ইসলামের বাবা সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদার জানান, বিয়ের পর থেকেই নানান কারণে ও অকারণে শিলার স্বামী মারুফ সেরনিয়াবাত প্রায়ই তার মেয়ে শিলাকে ব্যাপক মারধর করতেন।
ঘটনার দিন শুক্রবার বেলা ৩টার দিকে সেরাল গ্রামের ভাড়া বাসায় বসে মারুফ তার মেয়ে শিলাকে অমানুষিক নির্যাতন করেন। স্বামীর অমানবিক নির্যাতন সইতে না পেরে বাসার দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিলা। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে গলায় ফাঁশ লাগানো অবস্থায় শিলা ইসলামকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কেরেন।
সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

