আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমানীনগরে ইউএনও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিসিটিভি প্রকল্পে দুর্নীতির অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

ওসমানীনগরে ইউএনও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিলেটের ওসমানীনগর উপজেলায় নির্বাচনী সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা সদর ইউনিয়নের তাজপুর বাজারে সিলেট-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনকালীন একটি গুরুত্বপূর্ণ সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পে অনিয়মের মাধ্যমে প্রথমেই সরকারকে বেকায়দায় ফেলার পরিকল্পনা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তারা বলেন, আন্দোলন দমাতে একটি পক্ষ তৎপরতা চালালেও তারা স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় অটল থাকবেন।

এ সময় বক্তারা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনও মুনমুন নাহার আশার প্রত্যাহার এবং তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় উপজেলার আটটি ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

এ বিষয়ে বিএনপি নেতা সৈয়দ এনায়েত হোসেন জানান, শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। কেউ যদি কোনো দুর্নীতিবাজকে রক্ষা করতে চায়, তবে সেটি সরকারের ঘোষণার পরিপন্থী হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য মাহফুজুর রহমান এবং ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামসহ সাধারণ শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন