সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা ১৫ থেকে ২০টি প্লাস্টিকের চেয়ার ও একটি টেবিল পুড়ে গেছে। স্থানীয় বিএনপির নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখেন বাজার পাহারার দায়িত্বে থাকা দুই ব্যক্তি। তারা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন আত্মগোপনে থেকে কয়েক দিন ধরে ফেসবুক লাইভে এসে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তার নির্দেশেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে বলে দাবি করেন তিনি।
তাহের উদ্দিন আরো বলেন, এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে ভেতরে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



