রায়পুরায় তৃতীয় লিঙ্গের ইয়াসমিন খুন, আহত ১

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

রায়পুরায় তৃতীয় লিঙ্গের ইয়াসমিন খুন, আহত ১
সেই মুরগির খামার। (ইনসেটে নিহত ইয়াসমিন)

নরসিংদীর রায়পুরা উপজেলায় ইয়াসমিন ওরফে সুমন নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরেক তৃতীয় লিঙ্গের ব্যক্তি চাঁদনী ওরফে বাবু । রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেইটসংলগ্ন একটি মুরগির ফার্মে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন ওরফে সুমন (২৭) ও আহত চাঁদনী ওরফে বাবু (২৬) ওই গ্রামের বাসিন্দা। ইয়াসমিনের বাবার নাম মো. রবিউল্লাহ আর চাঁদনীর বাবার নাম মিস্টু মিয়া। পরিবার থেকে বের হয়ে দুজনই একত্রে থাকতেন। ঘটনাস্থল থেকে তাদের বাসা পাঁচ মিনিটের হাঁটাপথ।

বিজ্ঞাপন

ছুরিকাঘাতে হতাহতের এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম রাসেল মোস্তফা (৩৫)। তিন বছর ধরে ওই মুরগির ফার্মের শ্রমিক ছিলেন তিনি।

আহত চাঁদনীর বরাত দিয়ে পুলিশ বলছে, গতকাল রাত ১২টার দিকে মুরগির ফার্মের সামনে অবস্থান করছিলেন ইয়াসমিন ও চাঁদনী। ওই সময় ফার্মের শ্রমিক রাসেল মোস্তফার সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে উত্তেজিত অবস্থায় রাসেল মোস্তফা তাদের দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই ইয়াসমিনের মৃত্যু হয়।

চাঁদনীর ডাকচিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে ঘটনা জানান। খবর পেয়ে দ্রুত রায়পুরা থানার ওসি মজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে নিহত ইয়াসমিনের লাশ উদ্ধার করেন। এ সময় আহত চাঁদনীকে চিকিৎসার জন্য রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার টাকা ভাগাভাগির দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে। অভিযুক্ত ও ভুক্তভোগী ৩ জনের বিরুদ্ধেই এলাকায় মাদকব্যবসায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

জানতে চাইলে রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, ছুরিকাঘাতে নিহত ইয়াসমিনের লাশ রাতে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন এ হত্যাকাণ্ড, নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ওই শ্রমিককে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...