ভোলার মেঘনা নদীর তীরে পাড় ধসে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে রাকিবের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার উপকূলীয় এলাকার একটি চর থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেক বন্ধু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মো. আমজাদ হোসেন।
রামগতি পুলিশ সূত্রে জানা যায়, রামগতি উপজেলার উপকূলীয় একটি চরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি ভোলার মেঘনায় নিখোঁজ রাকিবের বলে শনাক্ত করেন। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভোলা সদর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম আমার দেশকে বলেন, আমরা নিশ্চিত হয়েছি, এটি ভোলা সদর উপজেলার শিবপুর এলাকার নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই বন্ধুর মধ্যে রাকিবের লাশ। নৌ-পুলিশ এ বিষয়ে কাজ করছে। তার স্বজনেরা রামগতি গেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।
গত ৯ সেপ্টেম্বর ভোলার শিবপুরে মেঘনা নদীর তীরে পাঁচ বন্ধু বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ নদীর পাড় ধসে যায়। এতে পাঁচজনই নদীতে তলিয়ে যান। তাঁদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে রাকিব ও বিজিবি সদস্য মো. আমজাদ হোসেন নিখোঁজ হন। পরে রাকিবের মরদেহ উদ্ধার করা হলেও আমজাদ এখনো নিখোঁজ রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

