বরিশালে বৈষম্যবিরোধী নেতা মারজুক আব্দুল্লাহর দলীয় পদ স্থগিত

  • শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ
  • মামলার আসামি তালিকায় নাম রাখা ও বাদ দেওয়া নিয়ে চাঁদাবাজি

জেলা প্রতিনিধি, বরিশাল

বরিশালে বৈষম্যবিরোধী নেতা মারজুক আব্দুল্লাহর দলীয় পদ স্থগিত

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহর দলীয় পদ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ, সদস্য সচিব এসএম ওয়াহিদুর রহমান, মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, মুখপাত্র সুমি হকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

জুলাই আন্দোলনে হামলার ঘটনার নয় মাস পর বরিশালে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন তিনি।

সংগঠনের সঙ্গে কোনো রূপ আলাপ-আলোচনা না করে মামলা দায়ের করায় এর আগে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছিল। ওই নোটিসের সন্তোষজনক জবাব না পেয়ে তার দলীয় পদ স্থগিত করা হয়।

এর আগে গত ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মারজুক আব্দুল্লাহ বাদী হয়ে নামধারী ২৪৭ জন এবং অজ্ঞাতনামা প্রায় তিনশ’ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামির তালিকায় নাম রাখা ও বাদ দেওয়া নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে মারজুক আব্দুল্লাহর বিরুদ্ধে।

মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি বেশ কয়েকজন সাংবাদিক এবং জেলে ও কৃষকদের আসামি করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এবং বরিশাল জেলা শাখার সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহর সাংগঠনিক পদ স্থগিত করা হলো। এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।'

নেতৃবৃন্দ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের অবগত না করে সংগঠনের পদ ব্যবহার করে মামলা দায়ের করায় মারজুক আব্দুল্লাহর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলার দায়িত্বশীলদের সামনে স্ব-শরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নোটিশ দিয়েছিলেন সংগঠনের জেলার মুখপাত্র সুমি হক।

নোটিশ প্রাপ্তির পর সন্তোষজনক জবাব দিতে না পারায় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের সম্মতিক্রমে মারজুক আব্দুল্লাহর সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে জানতে মারজুক আব্দুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...