নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, এবারের ঈদযাত্রায় লঞ্চে স্মরণকালের সবচেয়ে কম ভোগান্তি হয়েছে এবং নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে।
সোমবার রাতে বরিশাল নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, লঞ্চে ভাড়া ১০ শতাংশ কমানোর নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে কিনা তা সরেজমিনে দেখা হয়েছে। ডেক ও কেবিনে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা থাকলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সৎভাবে দায়িত্ব পালন করতে। জনগণই এর মূল্যায়ন করবেন।”
লঞ্চের সামনে যাত্রী ডাকা স্থায়ীভাবে বন্ধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষর কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া বা যাত্রীদের টানাহেঁচড়া করার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট জাহাজ মালিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
টার্মিনাল ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, একটি লঞ্চের পেছনে আরেকটি লঞ্চ যাতে ভিড়তে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, ঈদযাত্রায় লঞ্চঘাটগুলোতে অনাকাঙ্ক্ষিত লোকজনের উপস্থিতি কমেছে এবং ছোট নৌকা থেকে লঞ্চে ওঠার প্রবণতা নিরুৎসাহিত করা হচ্ছে।
এ সময় প্রতিমন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভ্রমণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনে জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএর কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

