বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে জিহাদুল ইসলাম খান নামের জেলা ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জিহাদুল ইসলাম খান জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার বদরপুর এলাকায় সোহেল তালুকদারের বাড়িতে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। ওই এলাকার বাসিন্দা তানভির ইসলাম মোটরসাইকেলটির মালিক । বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম রাত প্রায় ১টার দিকে মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করলে টহলরত পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় তার বক্তব্যে অসংগতি থাকায় মোটরসাইকেলের মালিককে ডাকা হয়। তিনি এসে নিশ্চিত করেন, তালা ভেঙে মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ সময় পুলিশ মোটরসাইকেলসহ জিহাদকে আটক করে। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক বাদী হয়ে গত রোববার থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম জানান, ঋণ নিয়ে তিনি মোটরসাইকেলটি কিনেছেন এবং ভাড়ায় চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। মোটরসাইকেলটি হারিয়ে গেলে তার পরিবার চরম বিপদের মুখে পড়ত। পুলিশের দ্রুত পদক্ষেপে গাড়িটি উদ্ধার হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ এবং সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের পদে থাকলেও তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে হাতেনাতে জিহাদুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

