বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের সংযোগ (অ্যাপ্রোচ) সড়ক দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধামুরা-শোলক-বাটাজোর সড়কে ধামুরা খালের ওপর নির্মিত ব্রিজের পূর্ব পাড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্রিজের মূল কাঠামোর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক তৈরি না করায় সেতুটি কোনো কাজে আসছে না। ফলে দীর্ঘ দিন ধরে স্থানীয় জনগণকে চলাচলে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করে সেতুটি সাধারণ মানুষের যাতায়াতের উপযোগী করার দাবি জানান তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জামাল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান এবং শোলক ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে ‘গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচি’র আওতায় ৪৪.০৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন প্রকল্পটি ৬ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৫৩৫ টাকা চুক্তিমূল্যে বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘শক্তি-বসুন্ধরা কনস্ট্রাকশন’। ২০২৩ সালের ১৭ জুলাই কাজের উদ্বোধন হয় এবং চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কাজটি সমাপ্ত হওয়ার কথা ছিল।
স্থানীয়দের দাবি, প্রকল্পের নকশা অনুযায়ী সরকারি খাস জমি (১৪৯১ ও ১৫১১ নম্বর দাগ) ব্যবহার করে সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। কিন্তু একটি প্রভাবশালী মহল থেকে ওই খাস জমিতে সড়ক নির্মাণে বাধা প্রদান করা হচ্ছে। ফলে বিপুল পরিমাণ সরকারি অর্থে নির্মিত এই ব্রিজের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
বক্তারা অবিলম্বে সব ধরনের বাধা অপসারণ করে সরকারি নকশা অনুযায়ী সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান এবং প্রকল্প শেষ হতে কেন বিলম্ব হচ্ছে তা তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

