ফেনীতে সংবাদ সম্মেলন

১০ মাসে ৯৫৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

১০ মাসে ৯৫৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের অধীনস্থ ১৩টি ব্যাটালিয়ন চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত (গত ১০ মাসে) ৯৫৭ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে।

বিজ্ঞাপন

এ সময় মাদকবিরোধী অভিযানে ৩৩৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৭৭ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম।

চলতি বছরের প্রায় ১০ মাসের অভিযান ও বিভিন্ন কার্যক্রমের সাফল্য তুলে ধরে বিজিবি জানায়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার। কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল—এই চার সেক্টরের অধীনে ১৩টি ব্যাটালিয়ন সীমান্তের নিরাপত্তায় কাজ করছে। এসব ব্যাটালিয়নের ২১১টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৮১৫টি ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, বিদেশি মদ ও বিয়ার ৬৩ হাজার ৫৭৫ বোতল, ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ ১৬ হাজার ৮৮০ বোতল, ২১০ লিটার চোলাই মদ এবং বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট ৪ লাখ ৩২ হাজার ৫১০টি জব্দ করা হয়েছে। এসব অভিযানে আটক ৩৩৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সীমান্ত এলাকায় প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধেও অভিযান চালিয়েছে বিজিবি। এসব অভিযানে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়ও কাজ করছে বাহিনীটি। গত ১০ মাসে সীমান্ত এলাকার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকায় দুর্গম স্থানে ত্রাণসামগ্রী পৌঁছাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সিলেট সেক্টরের উদ্যোগে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি চোরাচালানবিরোধী সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এ নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে। এছাড়া পরশুরামের বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

এ ক্ষেত্রে সবাইকে গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে নিকটস্থ বিজিবি টহল দল, ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন