সুনামগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার সদর ও তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান চালায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
বিজিবি জানায়, সন্ধ্যা ৫টা ২০ মিনিটে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের পেচাকোনা এলাকায় সীমান্ত পিলার ১২২৩/১-এস থেকে ৫০ গজ ভেতরে ৭৪ বোতল, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুরে পিলার ১২০৪/৮-এস থেকে ১৫০ গজ ভেতরে ২৪ বোতল এবং রাত ১০টা ১০ মিনিটে একই উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় পিলার ১২০২/৪-এস থেকে ১০০ গজ ভেতরে ৯৩ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনটি অভিযানই আশাউড়া, লাউরগড় ও চাঁনপুর বিওপির টহল দল পরিচালনা করে।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

