সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ৯ শ্রমিকের প্রাণহানির পর দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে গিয়েও বিষাক্ত গ্যাসের নমুনা সংগ্রহ করতে পারেনি তদন্তসংশ্লিষ্ট দল। জাহাজের অভ্যন্তরে গ্যাসের মাত্রা অত্যন্ত বেশি থাকায় নিরাপদে স্যাম্পল নেওয়া সম্ভব হয়নি।
চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্য সচিব ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন আমার দেশকে বলেন, আমরা সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু জাহাজের ভেতরের বিষাক্ত গ্যাসের মাত্রা এতটাই বেশি যে সেখান থেকে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। এই কারণে জাহাজটিকে এখনো ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাচ্ছে না।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপদে আলামত সংগ্রহের লক্ষ্যে পাঁচ সদস্যের প্রাথমিক তদন্ত দলের সঙ্গে আরো তিন উচ্চপর্যায়ের প্রতিনিধি যুক্ত করে আট সদস্যের একটি বিশেষজ্ঞ টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে।
এই বিশেষ টিমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, পরিবেশ অধিদপ্তর, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিস্ফোরক অধিদপ্তর এবং মেরিন সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা রয়েছেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

