দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার যুবক, বোন-ভগ্নিপতি আশঙ্কাজনক

কুমিল্লা প্রতিনিধি

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার যুবক, বোন-ভগ্নিপতি আশঙ্কাজনক
ছবি: আমার দেশ

ভারতের নয়াদিল্লিতে একটি হোটেল ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন ও ভগ্নিপতিও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত যুবকের নাম নূরুল আমিন সোহাগ (৪০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের মধ্যম সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামে বসবাস করতেন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে নয়া দিল্লির হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেল ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সোহাগসহ কয়েকজন দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একই ঘটনায় সোহাগের ছোট বোন ও ভগ্নিপতি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। বর্তমানে তারা দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক।

সোহাগের মৃত্যুতে তার নিজ গ্রাম মধ্যম সাঙ্গীশ্বর ও ধোড়করা বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমেও স্থানীয় বাসিন্দারা শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লাশ দেশে আনা কিংবা অন্য কোনো প্রয়োজনীয় সহযোগিতা চাইলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।

এর আগে গত বুধবার সকালে মালভিয়া নগরের ওই পাঁচতলা হোটেলে আগুন লাগে। এ ঘটনায় আহত আট বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ছিল। গতকাল বৃহস্পতিবার আহত নুরুল আমিনের মৃত্যু হয়। রাতে ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। এ নিয়ে আগুনে বাংলাদেশের একজনসহ বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন