পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বাঁ থেকে- নিহত আবুল কাশেম ও ঘাতক মোহাম্মদ ইকবাল। ছবি: আমার দেশ

চট্টগ্রামের পটিয়ায় আবুল কাশেম (৫৫) নামে এক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আবুল কাশেম পটিয়া পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের আয়ুব আলীর ছেলে।

এ ঘটনায় তার আরো দুই ভাই আহত হয়েছেন। তারা হলেন- আবুল কালাম ও আবুল মুছা । বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে দুজনের মধ্যে আবুল কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত রোববার পটিয়া থানায় মোহাম্মদ ইকবালকে প্রধান আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছিল। তবে অভিযুক্ত মো. ইকবাল এখনো ধরাছোঁয়ার বাইরে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম পটিয়া পৌরসদরের স্টেশন রোড এলাকায় সুপারির ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের ছিপাতলি এলাকায়। পাশের প্রতিবেশীদের সঙ্গে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

স্থানীয়রা জানান, গত ১৫ এপ্রিল সকাল ৯টার দিকে আবুল কাশেম তার দুই ভাইকে নিয়ে নিজেদের মৌরশী জমিতে সংস্কারের কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত মোহাম্মদ ইকবালসহ কয়েকজন মিলে তার মাথায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গেলে তার দুই ভাই আবুল কালাম ও আবুল মুছাকেও আঘাত করা হয়, ফলে তারাও মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিনের মাথায় আবুল কাশেমের মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানান, ২০২১ সালে পটিয়া পৌরসভা নির্বাচন চলাকালে স্থানীয় কাউন্সিলর আবদুল মান্নানের ভাই মোহাম্মদ আব্দুল সওদাগর হত্যা মামলায় ইকবালসহ অন্যরা অভিযুক্ত ছিল। ওই মামলায় জামিনে বের হয়ে তারা আবারও বেপরোয়া হয়ে ওঠে।

নিহতের ভাই আবুল ফয়েজ বলেন, আমাদের মৌরশী জমিতে কাজ করার সময় পরিকল্পিতভাবে আমার ভাইদের ওপর হামলা চালায় ইকবালসহ তার সহযোগীরা। আমরা এই হত্যার বিচার চাই।

স্থানীয় বিএনপি নেতা মফিজুর রহমান বলেন, অভিযুক্ত ইকবাল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কিশোর গ্যাংসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। ব্যবসায়ী আবুল কাশেম স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আমরা এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পূর্বে দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...