ঈমান বিধ্বংসী জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজত ইসলাম নোয়াখালী শাখা। মুসলমানদের ঈমান আকিদা বিনষ্টকারী জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদের কোরআন সুন্নাহ বিরোধী মিথ্যাচার অপকর্ম ও সকল অপতৎপরতা বাংলাদেশে চিরতরে নির্মূল করে দিতে হবে বলে জানান হেফাজত নেতারা।
আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য হেফাজতে ইসলামের নোয়াখালীতে মহাসমাবেশকে সফল করার লক্ষে মাঠের প্রস্তুতি পরিদর্শনকালে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে হেফাজত নেতারা এসব কথা বলেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
হেফাজত ইসলাম নোয়াখালী শাখার নেতারা দাবি করেন, হিযবুত তাওহীদ একটি কুফরি মতবাদ। যেভাবে পশ্চিমারা মানবতার দোহাই দিয়ে ফিলিস্তিন থেকে সারা পৃথিবীতে মুসলমানদের প্রতি যে অত্যাচার চালিয়ে আসছে, সেভাবে হিজবুত তাওহীদ তাদেরই একটি সংঘবদ্ধ সংগঠন। মুসলমানদের ঈমান আকিদা ধ্বংস করার জন্য তারা বারবার বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। তারা নোয়াখালীকে টার্গেট করে এই আগ্রাসন চালাচ্ছে। হিজবুত তাওহীদ নিষিদ্ধের ব্যাপারে দেশের সর্বস্তরের জনতা ও সকল ওলামায়ে-কেরাম আজ ঐক্যবদ্ধ। আমরা বর্তমান সরকার প্রধানসহ সংশ্লিষ্ট সকলের নিকট দাবি জানাচ্ছি আইন প্রণয়ন করে এই হেযবুত তাওহীদকে বাতিল করা হোক।
ইসলাম ও কোরআন-সুন্নাহ বিদ্বেষী হিজবুত তাওহীদকে নিষিদ্ধের দাবিতে আগামী ১ আগস্ট জেলা স্কুল মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন।
এদি,কে মহাসমাবেশকে সফল করতে ইতোমধ্যে নোয়াখালীসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ এবং প্রচারণা চালানো হচ্ছে বলে হেফাজত নেতৃবৃন্দ জানিয়েছেন। সমাবেশে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের সমাগম হবে বলে তাদের প্রত্যাশা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের নোয়াখালী জেলা আমির মাওলানা নিজাম উদ্দিন, নায়েবে আমির মাওলানা আব্দুল কবির, মাওলানা ইমরান নোমানী, মুফতি মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

