ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে পক্ষপাত, ইউএনওর প্রত্যাহার চাইলেন বিএনপি নেতা

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে পক্ষপাত, ইউএনওর প্রত্যাহার চাইলেন বিএনপি নেতা

কুমিল্লার বুড়িচংয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির জনবল নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ইউএনও তানভির হোসেনের প্রত্যাহার দাবি করেছেন বিএনপি নেতা মোহাম্মদ আসাদুজ্জামান মনির।

বিজ্ঞাপন

তিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এ বিষয়ে ফেসবুক পোস্টে তিনি লেখেন, বুড়িচং উপজেলার ফ্যামিলি কার্ডের বিষয়ে পক্ষপাতদুষ্ট নিয়োগের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যাহার চাই।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

পোস্টের মন্তব্যের ঘরে জাকির হোসেন নামে একজন লিখেছেন, আমি ১৫ দিন আগে বলেছিলাম, এই উপজেলা নির্বাহী অফিসার থাকলে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব নয়।

তার দাবি, যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ারও তার সঙ্গে একমত পোষণ করেছিলেন।

বিএনপি নেতা আজাদ খান মন্তব্য করেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তদন্তকারী, মাঠ সুপারভাইজার ও মাঠকর্মী নিয়োগের ক্ষেত্রে বিএনপির কর্মীদের রাখার বিষয়টি বিবেচনা করা উচিত। তিনি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি হাজী জসীমউদ্দীনের কাছে যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

এদিকে শুক্রবার প্রকাশিত নিয়োগের ফলাফলে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামের রেজাউল করিমের ছেলে মাহমুদুল হাসান নিলয়কে সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ষোলনল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ওমর ফারুককে গণনাকারী হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মনির বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে যে ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ করে পোস্ট করেছেন, তিনি কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ না করেই নিয়োগ পেলেন—এ নিয়ে প্রশ্ন উঠেছে। একইভাবে আ.লীগের একজন নেতাকে গণনাকারী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টিও তদন্ত করা প্রয়োজন।

তিনি আরো বলেন, অতি বিলম্বে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেনকে প্রত্যাহার করতে হবে। নতুবা আমরা অনশন করতে বাধ্য হবো।

তবে বিএনপি নেতার এসব অভিযোগের বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন বলেন, যেসব অভিযোগ আনা হয়েছে, আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন