চট্টগ্রামে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৪৪৫

চট্টগ্রামে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৪৪৫

চট্টগ্রাম জেলায় পুলিশ পরিচালিত কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে মোট ৪৪৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় বাকি ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য অভিযোগে আরও ৯১ জনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র রাসেল আহমেদ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, খেলার মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানগুলোতে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ এবং যাচাই-বাছাই করা হয়।

অভিযানে জেলার ১৭টি থানা এলাকা থেকে মোট ৩৫৪ জন কিশোরকে থানায় আনা হয়েছিল। যাচাই-বাছাই শেষে অপরাধে কোনো সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জন কিশোরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়। অন্যদিকে, অপরাধের সঙ্গে প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযানকালে মাদকসহ অন্যান্য অপরাধের অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। ফলে এই বিশেষ অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়ায় ৪৪৫।

অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সন্তানদের পড়ালেখা, চলাফেরা, সঙ্গ লাভ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নজরদারি বাড়াতে এবং মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে তাদের দূরে রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়।

কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন