‘ও পুত, একমুড সাহায্যও ন পাই’

‘ও পুত, একমুড সাহায্যও ন পাই’
ত্রাণের আশায় লোহাগাড়া উপজেলা পরিষদ চত্বরে ত্রাণের অপেক্ষায় বন্যায় ক্ষতিগ্রস্ত বৃদ্ধা নুর আয়েশা

হাতে একটি লাঠি, চোখে-মুখে অসহায়ত্বের ছাপ আর বুকভরা দীর্ঘশ্বাস। ভেজা ও ছেঁড়া থামি গায়ে জড়িয়ে লোহাগাড়া উপজেলা পরিষদ ভবনের নিচে দাঁড়িয়ে আছেন ৭৫ বছর বয়সি নুর আয়েশা। টানা বর্ষণ ও বন্যার পানিতে তার ঝুপড়িসহ প্রায় সবকিছু নষ্ট হয়ে গেছে। দুই দিন ধরে ঠিকমতো খাবারও জোটেনি। শেষ আশ্রয় হিসেবে তিনি উপজেলা পরিষদে এসেছেন একটু ত্রাণ আর সহায়তার আশায়।

বিজ্ঞাপন

এ সময় কান্নাজড়িত কণ্ঠে নুর আয়েশা বলেন, ‘ও পুত, একমুড সাহায্যও ন পাই। ঝরত ঘরবাড়ি বেগ্গিন শেষ! ন খাই আছি দুই দিন অর। বাধ্য হই উপজেলাত আইস্যি সাহায্য পাইবার আশা লই। আজিও সাহায্য ন পাইলে এত্তুন ন যাইয়ুম।’

উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান ২ নম্বর ওয়ার্ডের কুতুবপাড়ার বাসিন্দা নুর আয়েশা ভিক্ষা করে দুই মেয়ে ও চার নাতি-নাতনিকে নিয়ে কোনোমতে সংসার চালিয়ে আসছিলেন।

সম্প্রতি বন্যার পানি তার ঝুপড়িতে ঢুকে বিছানাপত্র, চাল-ডাল, কাপড়চোপড়, রান্নার সামগ্রীসহ প্রয়োজনীয় প্রায় সবকিছুই নষ্ট করে দেয়। এমনিতেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করা পরিবারটি এখন চরম মানবিক সংকটে পড়েছে।

নুর আয়েশার অভিযোগ, সরকারি, বেসরকারি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকায় ত্রাণ বিতরণ হলেও এখন পর্যন্ত তার হাতে কোনো সহায়তা পৌঁছায়নি। টানা দুই দিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে থাকতে হচ্ছে।

পাঁচ বছর আগে স্বামী আব্দুল করিম মারা যান। দুই মেয়ের বিয়ে হলেও স্বামীরা তাদের ছেড়ে চলে যাওয়ায় তারা সন্তানদের নিয়ে মায়ের সংসারে ফিরে এসেছে। বর্তমানে সাত সদস্যের পরিবারের একমাত্র অবলম্বন নুর আয়েশার ভিক্ষাবৃত্তি। বন্যা সেই সামান্য সম্বলটুকুও কেড়ে নিয়েছে।

কান্নাভেজা কণ্ঠে তিনি আরো বলেন, ‘আঁরার মিক্কে কেউ ন চাইলো বাবা। একমুড তেরানও ন পাই। ন খাই আছি দুই দিন অর। আল্লাহর ওয়াস্তে, আরে একটু সাহায্য গরন।’

প্রতিবেশী জামাল বলেন, নুর আয়েশা ভিক্ষা করে সাত সদস্যের সংসার চালান। বন্যার পর আশপাশের অনেকেই ত্রাণ পেলেও তিনি এখনো কিছুই পাননি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সরকারের পাশাপাশি স্থানীয় বিত্তবানদেরও তার মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ বলেন, উপজেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন