ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে উপস্বাস্থ্যকেন্দ্রে প্রায় এক দশক ধরে কোনো চিকিৎসক নেই। জনবল সংকটের সুযোগে সেখানে একজন বাবুর্চি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখছেন। ব্যবস্থাপত্র দিচ্ছেন এবং সরকারি ওষুধের বিনিময়ে টাকা নিচ্ছেন। তাছাড়া তাবিজ, খবজ, পানিপড়াও দিচ্ছেন বলে রোগীদের অভিযোগ।
উপজেলার হরিপুর ইউনিয়নের জমিদারবাড়ির পাশে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় উপস্বাস্থ্যকেন্দ্রটি। একসময় এটি আশপাশের হাজারো মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা ছিল। কিন্তু বর্তমানে সেখানে একজন মেডিকেল অফিসার, একজন মিডওয়াইফ, একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহকারী—এই চার পদের সবকটিই শূন্য রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
জনবল না থাকায়, কেন্দ্রটির কার্যক্রম দেখভাল করছেন রাকিব মোল্লা নামের এক বাবুর্চি। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, তিনি মূলত ‘কুক মশালচি’ বা বাবুর্চি পদে কর্মরত। অথচ স্থানীয়দের অভিযোগ, তিনি গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছেন, ব্যবস্থাপত্র দিচ্ছেন এবং সরকারি ওষুধ বিতরণ করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওষুধ নিতে আসা এক বৃদ্ধার সঙ্গে রাকিব মোল্লার বাগ্বিতণ্ডা চলছে। ওই বৃদ্ধা অভিযোগ করে বলেন, ব্যথার ওষুধ চাইলে রাকিব মোল্লা তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে কয়েকটা প্যারাসিটামল দিয়ে তাড়িয়ে দেন।
আরেক বাসিন্দা মনির আহমেদ অভিযোগে জানান, ‘সরকারি ওষুধ রোগীদের না দিয়ে বাইরে বিক্রি করে দেওয়া হয়। অনেক সময় ওষুধ দিলেও রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হয়। তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বাবুর্চি থেকে ডাক্তার হওয়া রাকিব মোল্লা। তিনি দাবি করেন, কেন্দ্রে ওষুধের তীব্র সংকট। ওষুধ না পেয়ে অনেক রোগী ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাকে এখান থেকে সরাতে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অভিযোগ করছে।
এ বিষয়ে জানতে চাইলে হরিপুর ইউপি চেয়ারম্যান হাজী ফারুখ মিয়া বলেন, বাবুর্চি রাকিব মোল্লাকে গণধোলাই দিয়ে এখান থেকে বিদায় করা হয়েছিল। তাকে এখান থেকে দ্রুত বিদায় করার দাবি জানান তিনি।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অদিতি রায় বলেন, মাত্র দুই মাস আগে এখানে যোগদান করেছি। অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার বিরুদ্ধে কিছু অভিযোগ পেয়েছি। সেখানে চারটি পদই শূন্য। সিভিল সার্জনের সঙ্গে কথা হয়েছে। আমরা তাকে সেখান থেকে অন্যত্র দিয়ে, নতুন লোক দেব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


শিক্ষার্থীদের হুমকি দিলেন ইসরাইলি এমপি