পটিয়ায় আইন শৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক

রবিউল হোসেন, পটিয়া (চট্টগ্রাম)

পটিয়ায় আইন শৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক

চট্টগ্রামের পটিয়ায় এক এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পটিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দরখীল এলাকায় দুমাসের ব্যবধানে ব্যবসায়ী আবুল কাশেম ও শিশু জায়হান হত্যার ঘটনা ঘটে। সর্বশেষ শিশু জায়হান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হলেও ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নিহত ব্যবসায়ীর স্বজনরা।

এছাড়া গত তিন মাসে পটিয়ায় খুন, ছিনতাই, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। অল্প সময়ের ব্যবধানে একাধিক হত্যাকাণ্ড, প্রকাশ্যে কুপিয়ে জখম, মাজারের দানবাক্স চুরি এবং ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

দক্ষিণ গোবিন্দরখীল এলাকায় নিহত ব্যবসায়ী আবুল কাশেমের মেয়ের জামাতা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ঘটনার দুমাস পেরিয়ে গেলেও প্রধান আসামি মোহাম্মদ ইকবালকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। এলাকার মানুষও শঙ্কিত।

চলতি মাসের শুরুতে ২ জুন উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ঠেগরপুনি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। ৬ জুন জিরি ইউনিয়নের দক্ষিণ সাইদাইর এলাকায় দেলোয়ার হোসেন রুবেল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ৯ জুন দুপুরে পটিয়া প্রেস ক্লাব থেকে যুগান্তরের প্রতিনিধি আবেদুজ্জামান আমিরীকে টেনে-হিঁচড়ে বের করে পুলিশের উপস্থিতিতেই বহিরাগত সন্ত্রাসীরা মারধর ও হেনস্তা করে।

একই দিন রাতে কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পঙ্কজ শীল। এ ঘটনায় তিলক চক্রবর্তী নামের আরো একজন গুরুতর আহত হন।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৬ জুন পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দরখীল পূর্বপাড়া থেকে পাঁচ বছরের শিশু জায়হান নিখোঁজ হয়। বৃহস্পতিবার ভোরে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হলে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

একই দিনে কুসুমপুরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের প্রবাসী সিরাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী ববি আক্তারকে আটক করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, সম্পত্তির বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

অন্যদিকে, সম্প্রতি পটিয়া পৌর সদরের পোস্ট অফিস এলাকার মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনাও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সর্বশেষ বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার গৈড়লা এলাকায় ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুই যুবককে গুরুতর আহত করে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এদিকে আলোচিত পঙ্কজ শীল ও শিশু জায়হান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে পুলিশ।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলার উন্নয়নে শিগগির কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম আরো জোরদার করা হবে। ইতোমধ্যে পঙ্কজ শীল হত্যা মামলার প্রধান আসামি এবং শিশু জায়হান হত্যা মামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন