পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া আসামি গ্রেপ্তার

পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামি সাজ্জাদ হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর উপজেলার কলাতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পরে তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিন দুপুরে সদর থানা পুলিশ গ্রেপ্তার আসামি সাজ্জাদ হোসেনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকা থেকে একটি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব পালের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে আসার জন্য একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে পুলিশ। এ সময় গ্রেপ্তার আসামি সাজ্জাদের স্বজনরা অতর্কিতে এসে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজ্জাদ হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়। এ অভিযানে নেতৃত্ব দেয়া এসআই সঞ্জীব পাল ছয়জনের নাম উল্লেখ করে আরো ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পরদিন সোমবার রাতেই এসআই সঞ্জীব পালকে চকরিয়া থানা থেকে প্রত্যাহার করা কক্সবাজার জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার সাজ্জাদ হোসেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিংভং ছগীরশাহকাটা দক্ষিণ পাহাড় এলাকার কামাল উদ্দিনের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চকরিয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামি সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদর উপজেলার কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার আসামি সাজ্জাদ হোসেনকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ।

বুধবার (৯ জুলাই) দুপুরে আসামি সাজ্জাদ হোসেনকে কক্সবাজার সদর থানা থেকে চকরিয়া থানায় নিয়ে আসা হয়। ওসি আরও বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন