চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভোজ্যতেলের অবৈধ মজুত ও অনুমোদনবিহীন লেবেলিংয়ের অভিযোগে র্যাব–৭–এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআইয়ের যৌথ মোবাইল কোর্ট অভিযান চালায়। এতে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ২২ হাজার ৬৪২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে ও ওই দিন রাত ১টার দিকে পৃথক অভিযানগুলো চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।
র্যাব–৭ জানায়, অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্নফুলী কমপ্লেক্স এলাকায় কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত রেখেছিল। একই সঙ্গে অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লেভেল ব্যবহার করে এসব তেল বাজারজাত করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ এপ্রিল রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় গুদামমালিকের বিরুদ্ধে মামলা করে র্যাব।
পরে ওইদিন দিবাগত রাত ১টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় আরও দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে ২১ হাজার ৬০০ লিটার অবৈধভাবে মজুদকৃত তেল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন।
র্যাব–৭ জানায়, বাজারে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা রোধে ভোজ্যতেলসহ নিত্যপণ্যের অবৈধ মজুত ও অনুমোদনবিহীন লেবেলিংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

