চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান


চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান
ছবি: আমার দেশ

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে ছিঁচকে চুরি, জাহাজে ডাকাতি ও জলদস্যুতার ঘটনা প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ অভিযানে বহিঃনোঙরে অবস্থান নেওয়া দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ এবং আশপাশের নৌপথে টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড সূত্র জানায়, বহিঃনোঙরে নোঙর করা জাহাজগুলোতে সংঘবদ্ধ চক্রের ছিঁচকে চুরি, ডাকাতির চেষ্টা এবং জলদস্যুতার ঝুঁকি বিবেচনায় নিয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে কোস্ট গার্ডের একাধিক টহল জাহাজ ও দ্রুতগতির বোট অংশ নিয়েছে। তারা সন্দেহভাজন নৌযান তল্লাশি, জাহাজের নিরাপত্তা পর্যবেক্ষণ এবং নৌপথে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।

কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, বহিঃনোঙরে অবস্থান করা জাহাজগুলো দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব জাহাজে চুরি বা ডাকাতির ঘটনা ঘটলে শুধু আর্থিক ক্ষতিই নয়, দেশের সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়। তাই নৌপথকে নিরাপদ রাখতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তারা আরও বলেন, অভিযানের সময় সন্দেহজনক ট্রলার, মাছ ধরার নৌকা ও ছোট নৌযানের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে সেগুলোতে তল্লাশিও চালানো হচ্ছে। একই সঙ্গে জাহাজের ক্যাপ্টেন ও শিপিং এজেন্টদের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, বহিঃনোঙরে ছিঁচকে চুরি, ডাকাতি ও জলদস্যুতা সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন