কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মো. আব্দুল আলী নামে এক মানবপাচারকারী সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য কয়েকজন নারী-পুরুষ ও শিশুকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকায় এলজিইডি রোডের কাছে একটি পেঁপে বাগানে আটকে রেখেছেন।
এ তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কোস্ট গার্ডের বাহারছড়া আউটপোস্ট ও র্যাবের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যান।
কোস্ট গার্ডের তথ্য মতে, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র মালয়েশিয়ায় উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের পাচারের পরিকল্পনা করছিল।
সাব্বির আলম সুজন বলেন, পাচারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

