রামুতে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ প্রাণ গেল ৩ জনের

রামুতে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ প্রাণ গেল ৩ জনের
দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা।

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহত দুই বোন হলেন রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। তারা উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের মেয়ে। আরেকজনের পরিচয় জানা যায়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি মামলার কাজে সোমবার সকালে দুই বোন কক্সবাজার আদালতে যান। আদালতের কাজ শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। পথে খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুই বোনের মৃত্যু হয়।

রামু হাইওয়ে থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে হাইওয়ে পুলিশ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন