চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নগর পুলিশের উত্তর জোনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তিনি বলেন, এটি একটি বিদেশি মিশনের ভেতরের ঘটনা। নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া আমরা অনুসরণ করেছি। মিশনের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে কাজ করতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে কোনো সংঘর্ষ, আঘাতের চিহ্ন বা সন্দেহজনক আলামত পাওয়া গেছে কি না, সেসব বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
নরেন ধরের পরিচয়, পেশা সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি পুলিশ। এ বিষয়ে জানতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের অফিস নম্বরে ফোন করা হলে কেউ ধরেননি। কার্যালয়ের কোনো কর্মকর্তা মন্তব্য দিতে রাজি হননি।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ কয়েকজন পুলিশ সদস্যকে মিশনের সামনে ঘোরাঘুরি করতে দেখে তাদের বিষয়টি নজরে আসে। কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্সে করে লাশটি বের করে নিয়ে যেতে দেখা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

