নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্দেশে মাজারে ককটেল বিস্ফোরণের চেষ্টা, আটক ২

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্দেশে মাজারে ককটেল বিস্ফোরণের চেষ্টা, আটক ২

চট্টগ্রামের শাহ আমানত (রহ.) মাজারে ককটেল বিস্ফোরণের চেষ্টা করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরের জেল রোডে মাজারের সামনের উঠান থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ তাদের আটক করা হয়। মাজারের পাশেই অবস্থিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।

বিজ্ঞাপন

আটক দুজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির। তারা হলেন আব্দুল আল মামুন ছোটন (২৯) ও আশরাফুল ইসমাইল ইচনান (২৪)।

ছোটন চান্দগাঁও থানা ছাত্রলীগের সংগঠক। তার বাবার নাম মৃত মফিজ এবং মায়ের নাম জাহানারা বেগম। তার বাড়ি নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেটের চশমা হিল এলাকার কসমোপলিটন ১ নম্বর রোডে আকবর সদাগরের বাড়িতে।

অন্যদিকে, ইচনান পাঁচলাইশ থানা ছাত্রলীগের সংগঠক। তার বাবার নাম ইসমাইল ও মায়ের নাম নার্গিস আক্তার। তাঁর বাড়ি চান্দগাঁও থানার খাজা রোডের সাবানঘাটা এলাকায় মৌলভী জাকির আলীর বাড়িতে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, পলাতক নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার নির্দেশে ককটেল নিয়ে তাঁরা মাজারে গিয়েছিলেন।

পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ছাত্রলীগের এক নেতার নির্দেশে ককটেল নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তবে ওই নেতার নাম-পরিচয় এবং কী উদ্দেশ্যে তাঁদের মাজারে পাঠানো হয়েছিল, তা যাচাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুই ব্যক্তিকে মাজারের উঠানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি মাজারের লোকজনের সন্দেহ হলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বলেন, লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করা হয়েছে। তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে তাঁরা ককটেল নিয়ে মাজারে এসেছিলেন।

ওসি আরও বলেন, উদ্ধার করা ককটেলটি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা নিজেদের হেফাজতে নিয়েছেন। ঘটনার পর মাজার এলাকায় পুলিশ অবস্থান করছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নামে বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা উদ্ধার ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নগরের গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে বিভিন্ন উপজেলা পর্যন্ত এসব তৎপরতার খবর সামনে এসেছে। শাহ আমানত মাজারে ককটেল নিয়ে যাওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠনটির নির্দেশনার বিষয়টি আবারও সামনে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...