সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে জামায়াতের বিক্ষোভ

সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে জামায়াতের বিক্ষোভ

রাজশাহীর পুঠিয়ায় সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজশাহীর বানেশ্বর বাজারে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমির অধ্যাপক মইনুল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা জিন্নাত আলী, রাজশাহী পূর্ব জেলার বিভিন্ন উপজেলার আমির, ইউনিয়ন পর্যায়ের আমিরসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

তারা জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন