মরণোত্তর মর্যাদাপূর্ণ ‘ররি পেক’ পুরস্কার পেলেন নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম

মরণোত্তর মর্যাদাপূর্ণ ‘ররি পেক’ পুরস্কার পেলেন নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম

গত বছর গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি যুদ্ধ সংবাদদাতা মরিয়ম দাগগা মরণোত্তর মর্যাদাপূর্ণ ররি পেক পুরস্কার পেয়েছেন। ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকতার জন্য এ পুরস্কার প্রদানের আয়োজকরা বুধবার এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধের ভয়াবহ মানবিক ক্ষয়ক্ষতি তুলে ধরার স্বীকৃতি হিসেবে মরিয়ম দাগগার পাশাপাশি পুরস্কার পেয়েছেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) দুই সাংবাদিক আবদেল করিম হানা ও জেহাদ আলশরাফি। তাঁরা তিনজনই সহকর্মী ছিলেন। ররি পেক ট্রাস্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

২০২৫ সালের আগস্টে দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় নিহত হওয়ার সময় মরিয়ম দাগগার বয়স ছিল ৩৩ বছর। ওই হামলায় আরও চার সাংবাদিক নিহত হন। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্বাধীন আলোকচিত্রী ও প্রতিবেদক মরিয়ম দাগগা যুদ্ধ শুরুর পর থেকেই এপির সঙ্গে কাজ করছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইলে হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়।

ররি পেক ট্রাস্টের বিবৃতিতে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপির নির্বাহী সম্পাদক জুলি পেস বলেন, ‘ঘটনা নথিবদ্ধ করা এবং জনসাধারণকে তথ্য জানাতে সাংবাদিকরা অপরিহার্য ভূমিকা পালন করেন। অনেক সময় ব্যক্তিগত জীবনের বড় ঝুঁকি নিয়েই তাঁরা এ কাজ করেন।’

তিনি আরও বলেন, ‘আমরা মরিয়ম এবং এ সংঘাতসহ অন্যান্য সংঘাতে নিহত সব সাংবাদিককে শ্রদ্ধা জানাই। তাঁদের মৃত্যুর কারণ অনুসন্ধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে, ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলের সংঘাত নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ফরাসি আলোকচিত্রী রবিন তুতেঙ্গেস প্রথমবারের মতো দেওয়া ররি পেক ফটোসাংবাদিকতা পুরস্কার পেয়েছেন।

সুদানের গৃহযুদ্ধে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কাছে এল-ফাশেরের পতনের ঘটনা নিয়ে প্রতিবেদন করার জন্য একই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন এএফপির সহযোগী সুদানি ফ্রিল্যান্স আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিক আহমেদ মোহাম্মদ আবদাল্লাহ। তবে যুক্তরাজ্য সরকার ভিসা না দেওয়ায় লন্ডনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি।

অনুষ্ঠানে প্রচারিত এক ভিডিও বার্তায় আহমেদ মোহাম্মদ আবদাল্লাহ জানান, উত্তর দারফুর অঞ্চলের অবরুদ্ধ রাজধানী এল-ফাশেরের বাসিন্দারা প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে বেঁচে থাকার জন্য পশুখাদ্য খেতে বাধ্য হয়েছেন।

ভিডিও সাংবাদিক ররি পেকের স্মরণে ১৯৯৫ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। ১৯৯৩ সালে মস্কোয় নিহত হন তিনি। ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতেই এ পুরস্কার চালু করা হয়।

সূত্র: ১০১০উইনস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...