কক্সবাজারের পেকুয়ায় চট্টগ্রামের প্রথম জুলাই শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মেহেরনামা মুরাপাড়ায় ওয়াসিমের সমাধিস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, দুই বছরেও ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচারব্যবস্থার দুর্বলতা। ফ্যাসিবাদবিরোধী রাজপথের কর্মী হিসেবে আমিও জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই।
প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি জিইয়ে রাখার জন্য নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের জনগণই তাদের প্রতিহত করবে।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ওয়াসিমের বাবা শফিউল আলম।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে পারলেই জুলাই-আগস্টের সব শহীদের আত্মা শান্তি পাবে।
ওয়াসিমের বাবা শফিউল আলম বলেন, দুই বছরেও মামলার কোনো অগ্রগতি নেই। হত্যাকাণ্ডের যিনি নির্দেশদাতা, তিনিও সমানভাবে অপরাধী। তারও বিচার হতে হবে।
২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর ষোলশহরে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ। ওই সময় ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন চট্টগ্রাম কলেজের তৎকালীন স্নাতক শ্রেণির ছাত্র মোহাম্মদ ওয়াসিম আকরাম।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

