সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ

হামলার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপি বিক্ষোভ

হামলার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপি বিক্ষোভ
ছবি: আমার দেশ

সিলেটের হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির মহানগর শাখা। এ সময় সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতার পরিচয় দেওয়া কয়েকজন যুবকের বিরুদ্ধে।

বুধবার বিকেলে কেন্দ্রঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আরিফ মঈন উদ্দিন অভিযোগ করেন, সমাবেশ চলাকালে যুবদল নেতা শাহেদ বকসের নেতৃত্বে কয়েকজন যুবক এসে কর্মসূচিতে স্লোগান দিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। তারা নিজেদের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী বলে পরিচয় দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে এ বিষয়ে যুবদল নেতা শাহেদ বকসের বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে তাদের আলাদা করে দেয়। এ সময় উভয় পক্ষকে পাল্টাপাল্টি স্লোগান দিতেও দেখা যায়।

এর আগে সমাবেশে বক্তারা হবিগঞ্জে এনসিপির শীর্ষ নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ। তারা হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়, ও মোমিন রোড প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা হামলার বিচার এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ নাজমুন নুর জানান, দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের মধ্যে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন