হাজীগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

হাজীগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ তাছলিমা বেগম (২৯) নামের এক নারীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। নিহত তাছলিমা উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ রাজারগাঁও খান বাড়ির ইউসুফ খানের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নিহতের স্বজনরা জানান, দুপুরে ওয়াশরুমে যাওয়ার জন্য বসতঘর থেকে বের হন তাছলিমা। ঘরে ফেরার সময় পায়ে কামড়ের অনুভূতি হয় তার। ঘরে ঢুকে পায়ে রক্ত দেখতে পান। তার চিৎকারে স্বজনরা ছুটে এসে দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নিহতের স্বামী ইউসুফ খান জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে এন্টিভেনম দেওয়ার প্রায় ২০ মিনিট পর তাছলিমা মারা যায়।

এদিকে জেলার বিভিন্ন উপজেলায় সাপে কাটা রোগীর সংখ্যা বেড়েছে। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাপের ছোবলে জেলায় ২ জন মারা গেছেন।

চিকিৎসকরা বর্ষা মৌসুমে ঘর-বাড়ি ও ঝোপঝাড় পরিষ্কার রাখা, রাতে মশারি টাঙিয়ে ঘুমানো এবং সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন