চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দু’গ্রপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর থেকে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় । এসময় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।
আহতদের বিভিন্ন হাসপাতালের ভর্তি করা হয়েছে। বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। এঘটনায় পুরো এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
সংঘর্ষে আহতরা হলেন, সাদ্দাম হোসেন পিন্টু, মো. আনোয়ার, ধলা মিয়া, মোহাম্মদ রাসেল, মো. ফারুক । এ ছাড়াও আরও অনেকে আহত হয়েছেন তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে কাঠ ও বালুর ট্রাক থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করা হয়। ৫ আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার নেতৃত্বে চাঁদা তোলা হতো। ১২ ফেব্রয়ারি জাতীয় নির্বাচনের পর তাদেরকে সরিয়ে নুর উদ্দিনের গ্রুপ চাঁদা তোলার দায়িত্ব নেয়। চাঁদা আদায় নিয়ে দু’গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল।
মঙ্গলবার চাঁদা তোলা নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ফরেস্ট অফিস এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ট্রাক, বালুর গাড়ি থেকে চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডকে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে দ্বন্ধ চলে আসছিল। দ্বন্ধের জেরে মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে বনবিভাগের এক কর্মকর্তাকে মারধর করেন তারা।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ফরেস্ট অফিস এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

