প্রধানমন্ত্রী বরাবর নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি

প্রধানমন্ত্রী বরাবর নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি

নোয়াখালীকে ‘সিটি করপোরেশন’ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খানের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আজাদ ভূঁইয়া, সহসভাপতি তাজুল ইসলাম মানিক ও এস এম রিজোয়ান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, কোষাধ্যক্ষ কামরুল কানন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, দপ্তর সম্পাদক নাসিম শুভ, ক্রীড়া সম্পাদক ফজলুল কাদের রাজু, নির্বাহী সদস্য আকাশ মো. জসিম, সিরাজ উদ্দিন শাহিন, এমএস জামাল, মো. সালাহ উদ্দিন, সদস্য আজিজ আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

স্মারকলিপিতে বলা হয়, নোয়াখালী দেশের একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। বর্তমানে জেলায় ৯টি উপজেলা, ১০টি থানা ও ৮টি পৌরসভা রয়েছে। একসময় পুরো ফেনী ও লক্ষ্মীপুর জেলাও নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। ৩ হাজার ৬৮৫ দশমিক ৮৭ বর্গকিলোমিটার আয়তনের এ জেলার প্রশাসনিক সদর দপ্তর মাইজদীতে অবস্থিত।

স্মারকলিপিতে স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ৩(৪) ধারা অনুযায়ী সিটি করপোরেশন প্রতিষ্ঠার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত নোয়াখালী সিটি করপোরেশনের আয়তন ৫৭ দশমিক ৬৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ৮৭৯ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৭ হাজার ৯৪২ জন।

এতে আরও বলা হয়, নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভার দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। নোয়াখালী-কুমিল্লা ফোরলেন সড়কের মাধ্যমে নোয়াখালী পৌরসভার কাদির হানিফ ইউনিয়ন, একলাশপুর ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভা পরস্পরের সঙ্গে যুক্ত। এ এলাকায় পাটকল, এগ্রো প্রডাক্ট, পোল্ট্রি ফিড, হ্যাচারি, ফুড অ্যান্ড বেভারেজসহ বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠেছে।

এ ছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিসিক শিল্পনগরী ও বিমানবন্দর রয়েছে। পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজও চলমান রয়েছে।

স্মারকলিপিতে সাংবাদিক নেতৃবৃন্দ জানান, গত ১ মার্চ ২০২৬ স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্থানীয় সরকার প্রতিষ্ঠা বিধিমালা ২০১০-এর বিধি ৪-এ বর্ণিত শর্ত অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করেছেন।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান বলেন, মত ও ধর্ম নির্বিশেষে নোয়াখালীর সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি নোয়াখালীকে সিটি করপোরেশনে উন্নীত করা। নোয়াখালী পৌরসভা, কাদির হানিফ ইউনিয়ন, নোয়ান্নই ইউনিয়নের একাংশ, একলাশপুর ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভাকে একত্রিত করে সিটি করপোরেশন বাস্তবায়ন করা হলে জেলার সমৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশা করছেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন