কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে বাঁশের সাঁকো পার হওয়ার সময় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
নিহত মো. ইব্রাহীম (১৮) কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৈষকুম এলাকার সৈয়দ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে মৈষকুম এলাকার একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যান ইব্রাহীম। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীতে তীব্র স্রোত থাকায় তিনি মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে যান এবং স্রোতের টানে নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা নদী এবং আশপাশের বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালিয়েও সেদিন তার কোনো সন্ধান পাননি।
অবশেষে সোমবার (১৩ জুলাই) নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর স্থানীয়রা নদী থেকে ইব্রাহীমের মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

