লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে ‘বাহিনী প্রধান’কে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে ‘বাহিনী প্রধান’কে গুলি করে হত্যা
স্বজনদের আহাজারি। ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে ডেকে নিয়ে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ আলম নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত খোরশেদ স্থানীয়ভাবে ‘খোরশেদ বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও মাটি ব্যবসায়ী। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার অভিযোগ করে বলেন, খোরশেদ মাটি ব্যবসা করতেন। দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, প্রতিপক্ষ ওয়ালিদ তাকে গুলি করেছেন। এর আগেও মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছিলেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হাসান রনি জানান, খোরশেদকে হাসপাতালে মৃত অবস্থাতেই আনা হয়েছিল। তার বুকে ক্ষতের চিহ্ন রয়েছে, যা গুলির চিহ্নের মতো প্রতীয়মান হয়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ ফারভেজ বলেন, ‘খোরশেদ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন