আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হিসাব বদলে যেতে পারে—এমনই ইঙ্গিত দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, এবারের নির্বাচনে অন্তত ৩০ শতাংশ ভোটার দলীয় মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবেন।
তিনি বলেন, ‘কেউ যদি মনে করে শুধু দলীয় প্রতীকের ওপর চড়ে নির্বাচনের তরী পার হয়ে যাবে, সেটা হওয়ার কোনো সুযোগ নেই।’
বুধবার সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘এবারের নির্বাচন কোনো মার্কার নির্বাচন নয়। এটা হচ্ছে যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন। জরিপ বলছে, ১০০ জন ভোটারের মধ্যে অন্তত ৩০ জন মার্কা দেখবে না। তারা প্রার্থী খুঁজবে—এই প্রার্থী যোগ্য কিনা, শিক্ষিত কিনা, সৎ কিনা, সাহসী কিনা, এলাকার মানুষের জন্য কাজ করার মানসিকতা আছে কিনা এবং তার বাস্তব অভিজ্ঞতা আছে কিনা।’
তিনি বলেন, ‘যোগ্য অভিভাবক যদি এলাকার অভিভাবকত্ব না নেয়, তাহলে সেই এলাকার উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। শুধু ক্ষমতায় যাওয়া নয়, মানুষের দায়িত্ব নেওয়াটাই সবচেয়ে বড় বিষয়।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ রাখব—ভোট দেওয়ার সময় দল, মার্কা বা চাপের কাছে নতি স্বীকার করবেন না। যোগ্য, শিক্ষিত ও সৎ প্রার্থীকে ভোট দিয়ে আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত করুন। ভোট শুধু দেওয়াই শেষ নয়। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে। নিজের ভোট নিজেকেই রক্ষা করতে হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

