কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের সময় যুবদল নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার রাতে বুড়িচং থানার ওসি লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১ নম্বর কালীর বাজার (উত্তর) ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রয়েছেন।
পুলিশ জানায়, সীমান্ত এলাকায় অভিযান শেষে ফেরার পথে বুড়িচংয়ের বাকশিমুল রেলগেটে অবস্থান করছিল পুলিশ। এ সময় সীমান্ত এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মাদক সেবন করে বুড়িচংয়ের দিকে যাওয়ার সময় চালকসহ ছয়জনকে আটক করা হয়। তাদের সবাইকে মাতাল অবস্থায় পাওয়া যায়।
পরে বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। আদালত তিনজনকে ১২ দিন এবং অপর তিনজনকে ৮ দিন করে কারাদণ্ড দেন।
আটক অন্যরা হলেন—কুমিল্লা কোতোয়ালি থানার মনশাসন এলাকার আব্দুল সেলিম ভূঁইয়ার ছেলে আরিফ হোসেন, আবুল কাশেমের ছেলে সুলাইমান, নুর ইসলামের ছেলে মনির হোসেন, আব্দুল খালেকের ছেলে রবিউল আলম ও সুরুজ মিয়ার ছেলে মোতালেব।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম গত ১ আগস্ট ঘোষিত ১ নম্বর কালীর বাজার ইউনিয়ন (উত্তর) যুবদলের কমিটিতে সহসাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান।
ঘটনার বিষয়ে কালীর বাজার (উত্তর) যুবদলের সভাপতি মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদকসেবীর সঙ্গে কোনো দলের কোনো সম্পর্ক থাকতে পারে না। ইতোমধ্যে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এবং তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুড়িচং থানার ওসি লুৎফর রহমান বলেন, সীমান্ত এলাকায় একটি অভিযান শেষে ফেরার পথে বাকশিমুল রেলগেটে অবস্থান করি। এ সময় সীমান্ত এলাকা থেকে সিএনজিতে করে মাদক সেবন করে বুড়িচংয়ের দিকে যাওয়ার সময় চালকসহ ছয়জনকে আটক করা হয়। তাদের সবাইকে মাতাল অবস্থায় পাওয়া যায়। পরে বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

