কক্সবাজারে টানা ভারি বর্ষণ, পাহাড়ধস ও পাহাড়ি ঢলের কারণে প্রাণহানির ঘটনা প্রতিদিন বাড়ছে। জেলার বৃহত্তর উপজেলা চকরিয়ায় বন্যার পানিতে ভেসে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অন্যদিকে জেলার রামু উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ দুই ঘটনায় জেলায় পাহাড়ধস ও বন্যাজনিত দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে রোহিঙ্গা আশ্রয়শিবিরে মারা গেছেন ১৫ জন।
সূত্র বলছে, চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকায় শনিবার বিকেলে সোনাইছড়ি নদীর বানের পানিতে ভেসে নিখোঁজ হয় সজীব দাস (১৩) নামের এক কিশোর। দীর্ঘ ২২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর রোববার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
কৈয়ারবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার আহমেদ বলেন, নিহত সজীব দাস কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার তুফান দাসের ছেলে। সে চকরিয়ার কৈয়ারবিলে তার নানী রুপী দাসের কাছে থাকত।
তিনি জানান, বন্ধুদের সঙ্গে বের হয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের টানা ২২ ঘণ্টার চেষ্টার পর তার মরদেহ উদ্ধার হয়েছে।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব সাংবাদিকদের বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ বহনের অ্যাম্বুলেন্স ভাড়াসহ নগদ ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
এদিকে রোববার সন্ধ্যায় রামু উপজেলার গর্জনিয়া বাজার-নাইক্ষ্যংছড়ি সংযোগ সড়কের কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের একটি কালভার্টসংলগ্ন এলাকায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে মারা যান নিরঞ্জন দাশ (৬৫) নামের এক বৃদ্ধ।
নিহত নিরঞ্জন দাশ কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি পূর্ব দাশপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য বিমল দাশের বড় ভাই।
স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি স্টেশন এলাকার একটি স্বর্ণের দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্যার পানিতে তলিয়ে থাকা সড়ক পার হওয়ার সময় পা পিছলে পড়ে যান নিরঞ্জন দাশ। এ সময় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তিনি ভেসে যান।
খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে প্রায় এক ঘণ্টা পর লাশ উদ্ধার করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়া বৃদ্ধের লাশ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

