চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় খোরশেদ রাব্বি (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন এর আন্ধারমার দরগাহ এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক এ এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ রাব্বি শেরপুর জেলার নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লার ফজলুর রহমানের ছেলে। তিনি আনন্দমোহন কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খোরশেদ রাব্বি তাঁর তিন বন্ধুকে নিয়ে একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। বুধবার সকাল প্রায় ৮টার দিকে তাদের গাড়িটি সাতকানিয়ার আন্ধারমার দরগাহ এলাকায় মহাসড়কের পাশে থামে।
এ সময় রাব্বি সামনের সিট থেকে পেছনের সিটে যাওয়ার জন্য গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ান। ঠিক তখনই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানা এর উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, পলাতক ট্রাকটি শনাক্ত ও আটকের জন্য হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

