চাঁদপুরের কচুয়ায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে। উপজেলার হোসেনপুর এলাকায় সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।
বুধবার ভোররাতে সেহেরি খাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)।
পরিবারের সদস্যরা জানান, বুধবার ভোরে সেহেরি খাওয়ার জন্য সবাই ঘুম থেকে ওঠেন। রান্নাঘরে গিয়ে চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে জানা যায়, গ্যাস লাইনে আগে থেকেই লিকেজ ছিল। চুলায় আগুন ধরানোর সঙ্গে সঙ্গে জমে থাকা গ্যাসে আগুন লেগে বিস্ফোরণ ঘটে এবং রান্নাঘরে থাকা তিনজন দগ্ধ হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় পাঠানো হয়। সকাল সাড়ে ৮টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত হাসপাতালে ভর্তি করান।
চিকিৎসক জানান, দগ্ধদের শরীরের বিভিন্ন অংশে আগুনে পোড়া জখম হয়েছে। তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
কচুয়া থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে গ্যাসলাইনের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

