১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী, শহরজুড়ে ব্যাপক প্রস্তুতি

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী, শহরজুড়ে ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুরো লালমনিরহাট শহরকে আধুনিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার সকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

এ সময় মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীকে লালমনিরহাটে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর এই ভিআইপি সফর স্মরণীয় করে রাখতে এবং শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী লালমনিরহাটের ঐতিহাসিক কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এই মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও একাধিকবার জনসভায় অংশ নিয়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাট শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শহরজুড়ে আইপি ক্যামেরাসহ উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান বাণিজ্যিক এলাকা, বাস ও রেলস্টেশন এবং জনসমাগমপূর্ণ মোড়গুলোতে আধুনিক প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন