বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আবুল হোসেন মিলনকে প্রকাশ্যে লাথি মারার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম। সম্প্রতি ৩২ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
ভিডিওতে দেখা যায়, বৃক্ষরোপণের পর চারা গাছে পানি দেওয়ার পর সেই পানিতেই হাত ধুচ্ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আবুল হোসেন মিলন। এ সময় সংসদ সদস্য আবুল কালাম সবার সামনে তাকে লাথি মারেন।
জানা গেছে, গত ৪ জুলাই লাকসামে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ঘটনা ঘটে। তবে ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর কুমিল্লাজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে জানতে লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আবুল হোসেন মিলনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতা আবুল হোসেন মিলনকে কেন লাথি মারা হয়েছে, সে বিষয়ে জানতে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামকে একাধিকবার ফোন করা হলেও তিনিও ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
ভাইরাল হওয়া ভিডিওতে মো. অলিউল্লাহ নামে একজন মন্তব্য করেন, ‘এই ভদ্রলোককে (আবুল কালাম) অনেক ভালোবাসতাম এবং পছন্দ করতাম। এমপি হয়ে গেছেন, তাই পা আর মাটিতে লাগে না। এখনো সময় আছে, এমপি সাহেব, আপনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করুন।’
মোহাম্মদ ইকবাল হোসেন নামে আরেকজন মন্তব্য করেন, যে দলের নেতারা নিজেদের দলের নেতাদেরই সম্মান করেন না, এভাবে অসম্মান করেন, তারা বিরোধী দলের সঙ্গে কী আচরণ করবেন, তা তো স্বাভাবিকভাবেই অনুমেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

