চাকসুর বাধায়

চবিতে সিনেট অধিবেশনে অংশ নিচ্ছেন না আওয়ামীপন্থি ২৪ শিক্ষক প্রতিনিধি


চবিতে সিনেট অধিবেশনে অংশ নিচ্ছেন না আওয়ামীপন্থি ২৪ শিক্ষক প্রতিনিধি
ছবি: আমার দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশন শনিবার বেলা সাড়ে ১১টায় শুরু হয়েছে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) বাধার মুখে আওয়ামীপন্থি ২৪ শিক্ষক প্রতিনিধি সিনেট অধিবেশনে অংশ নিচ্ছেন না।

শনিবার দুপুর পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিনেট সদস্য ও ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মৌন মিছিলে যারা অংশ নিয়েছেন, তাদের নিয়ে চবিয়ান গ্রুপে একটি তালিকা তৈরি করে পোস্ট করা হয়েছে। সেখানে আমার নামও রয়েছে। অথচ আমি ওই মিছিলে অংশ নিইনি। এডিট করে সেখানে আমার ছবি বসানো হয়েছে। যেহেতু আটজন শিক্ষককে সিনেট অধিবেশনে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে, সেহেতু আমরা শিক্ষক প্রতিনিধিদের কেউই সিনেট সভায় অংশ নিচ্ছি না।’

এর আগে শুক্রবার রাতে চাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি ‘খোলা চিঠি’ পাঠানো হয়। এতে আওয়ামীপন্থি শিক্ষকদের সিনেট অধিবেশনে অংশগ্রহণের বিষয়ে তীব্র আপত্তি জানানো হয়।

এ ছাড়া শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে আওয়ামীপন্থি শিক্ষকদের সিনেট অধিবেশনে অংশগ্রহণের বিষয়ে পুনরায় আপত্তি জানায় চাকসু নেতৃবৃন্দ।

চাকসুর পাশাপাশি সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ‘ভয়েস অব স্টুডেন্ট’ নামের একটি সংগঠন আওয়ামীপন্থি শিক্ষকদের সিনেট অধিবেশনে অংশগ্রহণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে।

এ বিষয়ে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘শুধু মৌন মিছিলে অংশ নেওয়া আটজন শিক্ষককে বাদ দিয়ে বাকি আওয়ামীপন্থি শিক্ষকদের নিয়ে সিনেট সভা আয়োজন করে তাদের নরমালাইজ করার সুযোগ নেই। চাকসুর নেতৃবৃন্দকে সিনেট সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা তা প্রত্যাখ্যান করেছি।’

সিনেট অধিবেশন চলমান থাকায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন