কৃষি রোবট বানিয়ে বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন মানিকগঞ্জের হাসিবুর

কৃষি রোবট বানিয়ে বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন মানিকগঞ্জের হাসিবুর

ছোটবেলা থেকেই ভাঙা যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া আর নতুন কিছু তৈরির নেশা ছিল তার। প্রযুক্তির প্রতি সেই অদম্য কৌতূহলকে শক্তিতে রূপান্তর করে এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক হাসিবুর রহমান খান। কৃষকদের সহায়তায় তিনি তৈরি করেছেন এক বিশেষ ‘কৃষি রোবট’। আর এই অনন্য উদ্ভাবন নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

হাসিবুর রহমান খান খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের রৌহাদহ গ্রামের সন্তান। তার এমন সাফল্যে গর্বিত পরিবার, স্বজন ও এলাকাবাসী।

বিজ্ঞাপন

সম্প্রতি মালয়েশিয়ার সাইবারজায়ায় মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড সাসটেইনেবল অ্যান্ড ডেভেলপমেন্ট গোলস-২০২৬’ প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের উদ্ভাবককে হারিয়ে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি’ বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ‘প্লাটিনাম উইনার অ্যাওয়ার্ড’ অর্জন করেন হাসিবুর। এ ছাড়া সব বিভাগ মিলিয়ে সামগ্রিকভাবে দ্বিতীয় স্থান অর্জনসহ পরিবেশবিষয়ক বিশেষ সম্মাননা ও স্বর্ণপদক পান তিনি।

হাসিবুর জানান, প্রায় এক মাস কঠোর পরিশ্রম করে ৬৫ হাজার টাকা ব্যয়ে তিনি এই রোবটটি তৈরি করেছেন। এটি জমিতে স্বয়ংক্রিয়ভাবে চলাচল করে মাটির আর্দ্রতা ও পুষ্টি উপাদানের তথ্য সংগ্রহ করতে পারে। এতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা, যা ফসলের রোগাক্রান্ত অংশ ও ক্ষতিকর আগাছা নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম। রোবটটি মুঠোফোনের ওয়াইফাই বা ব্লুটুথের মাধ্যমে দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায়।

হাসিবুরের স্বপ্ন, এই রোবট যেন শুধু পুরস্কারের মঞ্চে সীমাবদ্ধ না থেকে দেশের সাধারণ কৃষকের কাজে আসে। জমির মাটির অবস্থা বুঝে প্রয়োজনীয় সার ও পানি ব্যবহারের পরামর্শ দিয়ে এটি কৃষকের উৎপাদন খরচ ও শ্রম অনেকাংশে কমিয়ে দেবে।

ছেলের এমন সাফল্যে আনন্দিত বাবা আব্দুল ওয়াহাব খান মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার মাধ্যমে এই তরুণ উদ্ভাবকের প্রতি সরকারের সহযোগিতা ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ বলেন, ‘কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। হাসিবুরের এই উদ্ভাবনটি যদি বাণিজ্যিকভাবে দেশের কৃষকদের উপযোগী করে মাঠ পর্যায়ে কাজে লাগানো যায়, তবে তা কৃষি খাতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন