ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ১৮ ঘণ্টা পর ফেরত দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার বিকেলে কসবা উপজেলার ক্ষিরনাল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ দুটি বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
তারা হলেন ধজনগর গ্রামের হেবযু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০) এবং মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীর হোসেন।
শনিবার দিবাগত রাতে সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও বেশকয়েকজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, প্রায় ১৫ জন বাংলাদেশি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তখন বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে।
লাশ হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ব্যাটালিয়ন (সুলতানপুর) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অজিত কুমার সিং ও বিশালঘর থানার একাধিক অফিসার।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় বিএসএফকে প্রটেস্ট নোট দেওয়া হয়েছে এবং সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

