চট্টগ্রামের সন্দ্বীপে ২২ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত সর্দার মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবুলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি দেশীয় এলজি, চারটি কার্তুজ, ছেনি, চাপাতি, ৩১৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১১২২০ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার গভীর রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূচনা কলোনি ও তাহের বাজার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরেক আসামির নাম বুলবুলি, যিনি বাবলুর মাদক ব্যবসার সহযোগী বলে জানা গেছে।
সন্দ্বীপ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল রহমতপুরের সূচনা কলোনি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছেনী বাবুল ও বুলবুলিকে গ্রেপ্তার করে। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাহের বাজার এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালায়।
অনুসন্ধানে জানা গেছে, মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবুল দীর্ঘদিন ধরে সন্দ্বীপসহ বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ডাকাত চক্র পরিচালনা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় অস্ত্র, ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধের অন্তত বাইশটি মামলা রয়েছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও মাদকের ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম (বিপিএম) জানান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও ডাকাতবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই সফল অপারেশন চালানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে এবং সন্দ্বীপকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আসামিদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

