কুমিল্লার প্রবীণ আলেম মাওলানা নুরুল হকের ইন্তেকালে কওমি পরিষদের শোক

কুমিল্লার প্রবীণ আলেম মাওলানা নুরুল হকের ইন্তেকালে কওমি পরিষদের শোক

কুমিল্লার বিশিষ্ট আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সাবেক সভাপতি, হেফাজত ইসলামের জেলা সভাপতি, বটগ্রাম হামিদিয়া মাদরাসার মুহতামিম, শায়খুল হাদিস ও পীরে কামেল হযরত মাওলানা নুরুল হকের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কওমি পরিষদের সভাপতি এবং রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, মাওলানা নুরুল হকের ইন্তেকালে কুমিল্লাসহ পুরো দেশের ওলামায়ে কেরাম ও দ্বীনি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন প্রবীণ আলেম, নিবেদিতপ্রাণ খাদেম, শায়খুল হাদিস ও পীরে কামেল। ইলমে দ্বীনের প্রচার-প্রসার, মাদরাসা শিক্ষা বিস্তার এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, মাওলানা নুরুল হক অত্যন্ত সাদাসিধে, বিনয়ী ও প্রজ্ঞাবান একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি সারা জীবন পবিত্র কুরআন-সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর এই প্রয়াণে আমরা একজন অভিভাবকতুল্য আলেমকে হারালাম, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, মহান আল্লাহ যেন তাঁর জীবনের সব নেক আমল কবুল করেন, ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ছাত্র-শিক্ষক ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।

পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া করার আহ্বান জানান কওমি পরিষদ সভাপতি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন