ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেট কারের চালক মো. তানিম আহম্মেদ।
শনিবার বিকেলে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম সাদ সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারে ‘সাইফুল গ্যালারি’ নামে একটি কাপড়ের ব্যবসা পরিচালনা করতেন। আহত চালক তানিম আহম্মেদ একই উপজেলার বগলাহাটি এলাকার সাইদুল হকের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, সাইফুলকে নিয়ে প্রাইভেট কারটি বিজয়নগর থেকে সরাইলের দিকে যাচ্ছিল। পথে মুকুন্দপুর এলাকার একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় গাড়িটি রেললাইনে আটকে যায়। এ সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাইফুল ও চালক তানিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, দুর্ঘটনাস্থলের লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

